মোঃ বকুল হোসেন ঈশ্বরদী পাবনা: পাবনার ঈশ্বরদীতে পোল্ট্রি খামারের চারপাশে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলামিন (৩০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৬ টার দিকে ফজরের নামাজের পর খামারে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন তিনি।
এ সময় খামারের শেডের চারপাশে দেওয়া বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আলামিন। নিহত আলামিন মুলাডুলি ইউনিয়নের দরগাপাড়া এলাকার আরোপ সরদারের ছেলে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রূপপুর মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় বৈদ্যুতিক তারে আলামিনের মরদেহ আটকে থাকতে দেখেন তাঁরা। পরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে।