সুলতান আহমেদ ময়না (শেরপুর):কারো হাতে নতুন টিফিন বক্স, কারো হাতে ঝকঝকে মামপট—মুখে ঝলমলে হাসি, চোখে আনন্দের ঝিলিক। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের ১৮ নং বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনা ভরে উঠেছিল এমনই রঙিন দৃশ্যে।
বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের উদ্যোগে বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে এসব উপহার বিতরণ করা হয়।
তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী আনন্দ প্রকাশ করে জানায়—
“আমাদেরকে এই প্রথম কেউ টিফিন বক্স উপহার দিলেন। খুব ভালো লাগছে।”
দ্বিতীয় শ্রেণির আরেক শিক্ষার্থীর ভাষ্য—
“আমরা মামপটে পানি নিয়ে প্রতিদিন স্কুলে আসবো। ভালোকরে পড়ালেখা করবো।”
অভিভাবক ও শিক্ষকদের প্রতিক্রিয়া
অভিভাবকেরা জানান, গ্রামীণ দরিদ্র পরিবারে এ ধরনের উদ্যোগ শিশুদের মধ্যে পড়াশোনার আগ্রহ বাড়িয়ে তুলছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মস্তুয়ারা বেগম বলেন—
“এই সহযোগিতা শিক্ষার্থীদের মাঝে অসাধারণ আনন্দের সৃষ্টি করেছে। তাদের আনন্দে আমরাও আনন্দিত।”
উপহার বিতরণকালে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ বলেন,“প্রাথমিক শিক্ষার মাধ্যমে শিশুদের শিক্ষাজীবন শুরু হয়। প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে আমার এ ক্ষুদ্র প্রয়াস চলমান থাকবে। বাজিতখিলা ইউনিয়নের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে আমি কাজ চালিয়ে যাব।”
তিনি আরও জানান, আগামী দিনে বিদ্যালয়ের খেলার মাঠে ক্রীড়া সামগ্রী বিতরণ করে শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি উৎসাহিত করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আ. সামাদ, শেরপুর সদর উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম,বাজিতখিলা ইউনিয়ন তাঁতীদলের আহ্বায়ক নুকুনুজ্জামান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম,বাজিতখিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল ইসলাম,জেলা যুবদলের নেতা আলেক মাহমুদ।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।এই ব্যতিক্রমী উদ্যোগ শুধু শিক্ষার্থীদের মুখেই নয়, অভিভাবক ও শিক্ষকদের মনেও এনে দিয়েছে এক অন্যরকম আনন্দ ও আশার আলো।