কুতুবউদ্দিন আহমেদ (কিশোরগঞ্জ):কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব ফৌজিয়া খান আজ ৯ অক্টোবর, বৃহস্পতিবার তাড়াইল উপজেলার হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান পরামর্শ প্রদান করেন।
শ্রেণি কক্ষে জেলা প্রশাসক শিক্ষার্থীদের টাইফয়েড টিকা গ্রহণে উৎসাহিত করেন এবং সুস্থ ও সচেতন প্রজন্ম গঠনে টিকাদান কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। পরিদর্শন শেষে তিনি বিদ্যালয়ের মাঠে ফলজ গাছের চারা রোপণ করে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলার নির্বাহী অফিসার মোছা. পপি খাতুন, সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী, তাড়াইল থানার অফিসার ইনচার্জ মো. সাব্বির রহমান, এবং তাড়াইল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সামির হোসেন সাকি প্রমুখ।
পরিদর্শন চলাকালীন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ জেলা প্রশাসকের আগমনকে স্বাগত জানান এবং বিদ্যালয়ের উন্নয়ন,পরিস্কার- পরিচ্ছন্নতা,শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে আশাবাদ ব্যক্ত করেন।