মো. বকুল হোসেন, ঈশ্বরদী (পাবনা): পাবনা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, পরোয়ানা (ওয়ারেন্ট) তামিল এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের সার্বিক কর্মদক্ষতা পর্যালোচনা সভায় তাঁর হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন পুলিশ সুপার আবু আশ্রাফ।
সভায় সেপ্টেম্বর মাসের পুলিশের বিভিন্ন কার্যক্রম ও কর্মদক্ষতা পর্যালোচনা করা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং পুলিশি সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মো. আশাদুর রহমানকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ওসি মো. আশাদুর রহমান বলেন, ‘এই স্বীকৃতি শুধু আমার একার নয়, ঈশ্বরদী থানায় কর্মরত পুরো টিমের। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণকে সর্বোচ্চ পুলিশি সেবা দিতে আমরা কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও জনগণের আস্থা অর্জনে আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করব।’