শ্যামল কুমার বিশ্বাস (সাতক্ষীরা): সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলায় নগরঘাটা ইউনিয়নের আশানগর-হরিণখোলা সড়কে স্কেভেটরবাহী একটি ট্রাক আটকে থাকায় টানা ৯দিন চরম দুর্ভোগে পড়েছে প্রায় ১০গ্রামের কয়েক হাজার মানুষ। বিভিন্ন ধরনের যানবাহন ও চলাচল করতে পারছে না।
জানা গেছে, চট্টগ্রাম মেট্রো শ-১১-১১-৩০ নম্বরের একটি ট্রাক স্কেভেটর নিয়ে গত ২০ জুলাই বিকেল ৪টার দিকে পূর্ণচরণ সরকারের বাড়ির সামনে সড়কে হঠাৎ দেবে যায়। এরপর থেকে ট্রাকটি সড়কের মাঝখানে পড়েr রয়েছে। ফলে আশপাশের হরিণখোলা, আশানগর সহ অন্তত ১০টি গ্রামের সাধারণ মানুষ এবং প্রায় ৩ শতাধিক মাছচাষী পড়েছেন ভয়াবহ বিপাকে।
সরেজমিনে দেখা গেছে, আকবর সরদার, অনিল গোলদার, মনোরঞ্জন মণ্ডল, সনজয় বাড়াড়, দিলীপ মণ্ডল, কিরণ চন্দ্র মণ্ডল ও কালীপদ মণ্ডলসহ অনেকেই ক্ষোভ প্রকাশ করে জানান, ট্রাকটি না সরানোয় খাদ্য ও মাছ পরিবহনের জন্য কোনো যানবাহন প্রবেশ করতে পারছে না। পিকআপ, নসিমন, ভ্যান এমনকি ছোট টলিও চলাচল করতে পারছে না। এতে সাধারণ মানুষের চলাচলের পাশাপাশি সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছেন মৎস্যচাষীরা।
স্থানীয় ইউপি সদস্য শিবপ্রসাদ মণ্ডল বলেন, “আমরা দীর্ঘ ৯দিন ধরে মাছ পরিবহন করতে পারছি না। এতে মৎস্য খাতে কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। দ্রুত ট্রাকটি অপসারণে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানালেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ট্রাকটির মালিক বা চালককেও ঘটনাস্থলে পাওয়া যায়নি।”
এদিকে এলাকাবাসী দ্রুত সড়কটি থেকে ট্রাক সরিয়ে জনদুর্ভোগ লাঘবে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।