রাঙ্গামাটি প্রতিনিধি:রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে তিন দিনব্যাপী নির্বাচনী দায়িত্ব প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (০৫ অক্টোবর ২০২৫) রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ লাইন্স কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “আসন্ন জাতীয় নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এর সুষ্ঠু সম্পাদনে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনী দায়িত্ব পালনের সময় প্রত্যেক সদস্যকে আইন-শৃঙ্খলা রক্ষা, ভোটারদের নিরাপত্তা ও নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখার প্রতি সর্বোচ্চ মনোযোগ দিতে হবে।”
তিনি আরও বলেন, “রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ নিরপেক্ষতা বজায় রেখে আইন-শৃঙ্খলা রক্ষার মাধ্যমে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।”
শেষে পুলিশ সুপার আশা প্রকাশ করেন, “রাঙ্গামাটি জেলা পুলিশ সদস্যরা শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেবেন।”
এ সময় সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হকসহ রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।