নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) পুলিশের অভিযানে কেরানীগঞ্জ থেকে ৭৭ হাজার টাকার জাল নোটসহ এক পেশাদার জাল টাকার ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ নজরুল ইসলাম (৩৫)। তিনি বরিশালের মুলাদী উপজেলার উত্তর পাতারচর গ্রামের বাসিন্দা এবং বর্তমানে কেরানীগঞ্জের আটি জয়নগর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
ডিবি পুলিশের একটি চৌকস টিম বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৪টা ৪৫ মিনিটে মনু বেপারীর ঢাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৭৭ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বাজারজাত করে আসছিলেন। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে পূর্বেও লালবাগ, নরসিংদী, রমনা, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ ও নবাবগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামি জাল টাকা চক্রের অন্যতম সক্রিয় সদস্য বলেও পুলিশ জানিয়েছে।